গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) এবং তাদের দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) ও সবুজ শেখ (৩২)-কে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের সঙ্গে শেখ রুহুল আমীনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকারিয়া শেখ জাকির, তার চাচাতো ভাই জালাল শেখ ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমীনের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা রুহুল আমীন, তার স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের সদস্যদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে অন্তত ১০ জন আহত হন। হামলার একপর্যায়ে বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত শেখ রুহুল আমীন অভিযোগ করেন, ইফতারের আগমুহূর্তে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এএজে

