ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের দিনে ব্যস্ত থাকে গৃহিণীর রসুইঘর। এ সময় অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সদস্যদের জন্য নানা পদের রান্নার আয়োজন থাকে। ঈদের দিনের সেই আয়োজনে যুক্ত করতে পারেন সুস্বাদু হান্ডি বিরিয়ানি।
জেনে নিন রেসিপি-
উপকরণ : মাংস : ১ কেজি (হাড় ও চর্বিসহ ছোট টুকরো)। চাল : ৫০০-৭৫০ গ্রাম বাসমতি (৩০ মিনিট ভেজানো)। মশলা : আদা-রসুন বাটা (৩ টেবিল চামচ), পেঁয়াজ কুচি ও বেরেশতা, টক দই (১/২ কাপ), শাহি, জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা। অন্যান্য : ঘি, তেল, জাফরান মিশ্রিত দুধ, কেওড়া জল, লবণ।
প্রস্তুত প্রণালি-
প্রথমে মাংস ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ গুঁড়ো, গরম মশলা ও লবণ দিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর মাটির হান্ডিতে তেল/ঘি গরম করে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলা ফোড়ন দিন। ম্যারিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে ১০-১২ মিনিট ভাজুন। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে ঢেকে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এদিকে অন্য পাত্রে পর্যাপ্ত পানিতে আস্ত গরম মশলা ও লবণ দিয়ে চাল ৭০% সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। মাংসের ওপর সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। উপরে বেরেশতা, ঘি, জাফরান দুধ ও কাঁচা লঙ্কা দিন। এরপর হান্ডির মুখ ময়দার কাই বা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিন। একদম কম আঁচে ২০-৩০ মিনিট দমে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন স্বাদের হান্ডি বিফ বিরিয়ানি।
খুলনা গেজেট/এএজে

