ক্রীড়া সংগঠকদের আপত্তির মুখে আবারও খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। গত সোমবার থেকে সেখানে স্টল বসানোর কাজের উদ্বোধন করা হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রীড়া সংগঠকরা।
তারা জানান, খুলনা মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ নেই। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে প্রশিক্ষণ ও খেলাধুলা করেন নারীরা। ছেলেদের স্কুল ও কলেজ পর্যায়ের আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট, অনুশীলন, বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার আয়োজন হয় মাঠটিতে। এই মাঠে মেলা হলে দু’মাস সব ধরনের খেলাধুলা বন্ধ রাখতে হবে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠটি জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণে। সম্প্রতি বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। তারা এক মাসের মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমার নিয়ন্ত্রণাধীন এলাকায় সব ধরনের মেলা বন্ধের নির্দেশ দিয়েছি। এই মাঠটি ক্রীড়া পরিষদের অধীনে। সেখানে মেলা হলে শিশুদের খেলাধুলা বন্ধ রাখতে হবে। বিষয়টি নিয়ে আমি ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।’
খুলনা মেট্রোপলিটন উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এই মুহূর্তে কাউকে মেলার আয়োজন করতে দেয়া হবে না।’
খুলনা গেজেট/এনএম

