মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। একই সঙ্গে সূর্যোদয়ের সময় সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। একই দিন সকাল ৯টায় খুলনা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। সুবিধাজনক সময়ে শিশু একাডেমিতে শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৪ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজন করা হবে।

২৬ মার্চ সুবিধাজনক সময়ে সিনেমা হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত প্রামাণ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

এ দিন সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু দিবাযত্ন কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বাদ মাগরিব বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ ছাড়া ২৬ মার্চ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

সঠিক মাপের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ সজ্জিত করা হবে। ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা (টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হা-ডু-ডু) আয়োজন করা হবে।

এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। পাশাপাশি সকল পার্ক, জাদুঘর ও গণহত্যা জাদুঘর শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন