যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামিসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (১৪ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-বেনাপোল সড়কে একটি বাস তল্লাশি করে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। এছাড়া শার্শার হিজলী ও বেনাপোলের একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামিসহ মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথসহ জব্দ করা মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে

