বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের ২৩৩.২৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা ব্রিজের ওপর থেকে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।

আটককৃত আবু সাইদ (৪১) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে।

এ সময় তার কাছ থেকে ২৩৩.২৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বেনাপোল নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারী আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন