যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের নিউমার্কেট এলাকা, দড়াটানা ও এইচ এম এম রোডে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। নিরাপদ খাদ্য অফিস, কৃষি বিপণন দপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেনে তল্লাশি চালিয়ে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার, সরকারিভাবে নিষিদ্ধ এনার্জি ড্রিংক এবং আমদানিকারকের ট্যাগবিহীন বিদেশি পণ্য পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর শহরের দড়াটানা মোড়ের নিউ ভৈরব হোটেলে অভিযানে দেখা যায়, দই বিক্রির ক্ষেত্রে ওজনে কারচুপি করা হচ্ছে। এ অপরাধে হোটেলের ম্যানেজার মনিরুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সবশেষে এইচ এম এম রোডের পোশাকের দোকান ঝিলিক-এ অভিযান চালায় টিমটি। সেখানে বিদেশি থ্রি-পিস বিক্রির স্বপক্ষে কোনো ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং ক্রেতাদের সঠিক মানি রিসিট না দেওয়ার অপরাধে ব্যবস্থাপক বজলুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা এবং ক্যাব প্রতিনিধি রাকিব সরদার ও জেলা পুলিশের সদস্যরা।
খুলনা গেজেট/এমএনএস

