বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

ইবি শিক্ষিকা রুনার দাফন সম্পন্ন

গেজেট প্রতিবেদন

ছুরিকাঘাতে হত্যার শিকার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে তাকে দাফন করা হয়।

জানাজায় কুষ্টিয়া-০৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানাজায় মুফতি আমীর হামজা বলেন, আমরা সরকারের কাছে এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমরা আর এই বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। যদি অতিদ্রুত এই হত্যার বিচার না হয় তাহলে এরকম ঘটনা আরও ঘটবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি ভিসি হওয়ার পর থেকে আসমা সাদিয়া রুনার মতো ভালো মানুষ খুব কম দেখেছি। ঘটনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই, কিছু বলতে পারছিলাম না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত। আমরা আল্লাহর কাছে তার পরিবারের জন্য ধৈর্য কামনা করি।

তিনি আরও বলেন, হত্যাকারী চিহ্নিত। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার পরিবার রাষ্ট্রীয় প্রশাসনের কাছে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে তাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুল রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে জানাজার জন্য তার মরদেহ কুষ্টিয়া পৌর ঈদগা মাঠে নেওয়া হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন