বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

৬ জেলার পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তাকে বদলি

গেজেট প্রতিবেদন

৬ জেলার পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়াও ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনের পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের পুলিশ সুপার, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ-পুলিশের পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন