যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশুনা করে। সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে নানীর ভাই হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে হাফিজুল শিশুটিকে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

