বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

চৌগাছায় নানা বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় নানা বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুশি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের ইছাপুর পালপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি আক্তার ইছাপুর পালপাড়ার সেলিম হোসেনের মেয়ে। সে আই পি এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে খুশি তার নানার বাড়ি কয়ারপাড়ায় দুলাল বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গোসলের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে টিউবওয়েলের কলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে গেলে মোটরে শর্ট সার্কিট হয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে বাথরুমে অচেতন অবস্থায় খুশিকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা করে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন