বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে লিজকৃত পুকুর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

গেজেট প্রতিবেদন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে লিজকৃত সরকারি পুকুর দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ইসমাইল ও আব্দুস ছালাম।

‎পুলিশ ও এলাকাবাসীরা জানান, রায়গঞ্জেন ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সরকারি একটি লিজকৃত পুকুর নিয়ে আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকী মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার উভয় গ্রুপ পুকুরে মাছ ধরতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় দুই পক্ষই লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ‎ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালসহ বগুড়া ও সিরাজগঞ্জ পাঠানো হলে মনসুর আলী মেডিকেল কলেজে একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। ‎‎খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা না হলেও মামলা নেয়ার প্রস্তুতি চলছে। মরদেহগুলো হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন