সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরঘাটার রাইচমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাটারের তলা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটরস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এমএনএস

