বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্যালেস্টাইনের (ফিলিস্তিনের) ওপর বাংলাদেমের যে সমর্থন, সেটা দ্যর্থহীন। আমরা সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা চাই যে ১৯৬৭ সালের আগের যে বর্ডার (সীমান্ত), সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক, এটা আমাদের পজিশন (অবস্থান) এবং ফিলিস্তিনিদের যে অধিকার, রাষ্ট্রের অধিকার, সেটার ব্যাপারে আমাদের যে চিরকালের, বাংলাদেশের শুরু থেকে, জন্মলগ্ন থেকে যে অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ বিষয়ে বিশেষ ও ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান দ্যর্থহীন এবং কোনো অবস্থাতেই আমাদের অবস্থান পরিবর্তন হবে না। ’

খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেবে। এ ছাড়া মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছেন।’

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার অস্থিরতা নিরসনে বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেয় বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই আদর্শে অটল থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বৈদেশিক সফরে কোন দেশে যাবেন তা চূড়ান্ত হয়নি বলেও জানান খলিলুর রহমান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন