বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

বগুড়া-৬ উপ-নির্বাচন: বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র উত্তোলন

গেজেট প্রতিবেদন

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়নপত্র উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন।

বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বগুড়ার মানুষ উন্নয়ন চায়। এ অঞ্চলের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হন তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট। পরবর্তীতে ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী, আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন