রাষ্ট্রপতির অভিশংসন ইস্যুতে এখনো দলীয় ফোরামে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েই তার দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়া যায় না। আমাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দেশের জন্য যা কল্যাণকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমরা সে সিদ্ধান্তই নেব।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা বলেন, মানুষের জীবনে নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন স্থানে অপরাধের ঘটনা বাড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতির জন্য সরকারের নীতিনির্ধারকদের বক্তব্য ও আচরণকেও দায়ী করেন তিনি।
মন্ত্রীদের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল পদে থেকে কাঁচা ও অসংযত কথাবার্তা বলা উচিত নয়। এসব বক্তব্য সমাজকে অস্থির করে তুলছে এবং পরোক্ষভাবে অপরাধকে উস্কে দিচ্ছে। তিনি সরকারের প্রতি সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার প্রথম সিলেট সফর। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করারও কথা রয়েছে তার কর্মসূচিতে।
খুলনা গেজেট/এএজে

