ইংল্যান্ডের কাছে হেরে সেমির পথটা আগেই বন্ধুর করে ফেলেছে পাকিস্তান। গত পরশু নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার ৬১ রানের হারে সেটা আরও কঠিন হয়ে গেল। এখন শুধু নিজেদের খেলায় জিতলেই হবে না, কামনা করতে হবে অন্য দলের হারও। তাতেও হবে না, মেলাতে হবে নেট রান রেটের জটিল হিসাবও। তবে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার্সের দৃঢ়বিশ্বাস, ইংল্যান্ডকে হারিয়েই তারা সেমি নিশ্চিত করবেন।
চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে। এই গ্রুপ থেকে সেমির অন্য জায়গার জন্য লড়াই করছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের পয়েন্ট ৩ ও পাকিস্তানের ১। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের সেমির আশা শেষ হয়ে যাবে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিণত হবে নিয়ম রক্ষার। তখন নিউজিল্যান্ড শুধু সেমিতেই উঠবে না, ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু ম্যাচটি ইংল্যান্ড জিতলে টিকে থাকবে পাকিস্তানের সম্ভাবনা। তবে সেমিতে যেতে হলে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি নেট রান রেটের হিসাবও মেলাতে হবে পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের নেট রান রেট এখন +৩.০৫০। আর ইংল্যান্ডের কাছে শেষ ওভারে গিয়ে হার মানা পাকিস্তানের নেট রান রেট –০.৪৬১। এই গ্রুপে নেট রান রেটের সমীকরণ কেমন হতে পারে, সে বিষয়ে একটা ধারণা দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
আজ শুক্রবার যদি ইংল্যান্ড আগে ব্যাট করে ১৮০ রান করে এবং নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে পরদিন শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রানে জিততে হবে পাকিস্তানকে (যদি তারা আগে ব্যাট করে)। অর্থাৎ এই দুই ম্যাচের জয়-পরাজয়ের ব্যবধান সব মিলিয়ে ৭০ রানের মধ্যে থাকতে হবে। আর যদি নিউজিল্যান্ডে আগে ব্যাট করে ১৫০ রান করে, আর সে লক্ষ্য যদি ইংল্যান্ড ১৭ ওভারের মধ্যে টপকে যায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে একই লক্ষ্য (১৫০) পাকিস্তানকে ১৪.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। তাহলে নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারবে পাকিস্তান।
কিউইরা অবশ্য এত কিছু ভাবছে না। গতকাল কলম্বোতে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় জয়ের আশাবাদই ব্যক্ত করছেন নিউজিল্যান্ড কোচ, ‘ঐতিহাসিকভাবে এসব জটিল সমস্যার সমাধানে ব্ল্যাক ক্যাপসদের জুড়ি মেলা ভার। তারা ভীষণ স্মার্ট। যে কোনো পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে।’ পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হ্যারি ব্রুক ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার ভালো করতে পারেননি। পুরো টুর্নামেন্টেই ভালো করছেন না ইংলিশ ব্যাটাররা।
খুলনা গেজেট/এনএম

