ফরিদপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে একটি বড় মেহগনি গাছ হঠাৎ রাস্তার ওপর ভেঙে পড়লে তিনটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কে যানবাহনের চাপ ছিল। সেই সময় পুরোনো গাছটি বিকট শব্দে ভেঙে পড়ে।
সঙ্গে সঙ্গে রাস্তার ওপর থাকা তিনটি অটোরিকশা চাপা পড়ে। অটোরিকশাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অক্ষত থাকেন।
ঘটনার শিকার অটোরিকশা চালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, তারা যাত্রী নিয়ে সড়ক পার হওয়ার সময় কোনো পূর্বাভাস ছাড়াই গাছটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, তবে সবাই নিরাপদে রক্ষা পান।
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে একটি পুরোনো দেয়াল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে নতুন করে দেয়াল নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের জন্য গাছের গোড়ার চারপাশ থেকে মাটি সরিয়ে নেওয়ায় গাছটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া কাজ চলাকালীন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যারিকেড না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত গাছটি কেটে সরিয়ে যান। প্রায় এক ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যেগুলো নিয়মিত পরীক্ষা করা হয় না। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো, ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করা এবং নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

