বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গেজেট প্রতিবেদন

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কাজ শেষ করেছে সরকারি আবাসন পরিদপ্তর।

বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যমুনা ছেড়ে দেবেন।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকাও পরিদর্শন করা হয়েছিল। তবে সময়স্বল্পতাসহ কয়েকটি কারণে সেগুলো আর বিবেচনায় রাখা হয়নি বলে গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানে নিজস্ব বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। চলতি রমজানে ইফতার অনুষ্ঠান এবং আসন্ন ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সে অনুযায়ী সংস্কারকাজ দ্রুত শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয়। সেখানে বর্তমানে জাদুঘরের নির্মাণকাজ চলছে। ফলে গণভবনে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ নেই।

নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, তা নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে কয়েক মাস আলোচনা হয়। এ বিষয়ে সুপারিশ করতে গত বছরের ৭ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে যমুনা ও হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলো সমন্বিত পরিকল্পনায় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনার সুপারিশ করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন