বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল ‘জনস্বার্থে’ ডাকযোগে এই নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয় সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটিকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তরিত করা হয়। পরে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা এবং যথাযথ আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা ‘জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে বর্ণনা করে নোটিশে বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী একটি নিরাপদ এবং সরকারিভাবে নির্ধারিত বাসভবন পাওয়ার অধিকারী।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে নোটিশে বলা হয়, “প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে স্পষ্ট নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।”

এ বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেয়া না হলে হাইকোর্টে রিট আবেদন করাসহ যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে হুঁশিয়ার করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন