বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গেজেট প্রতিবেদন

তৃণমূলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, লোকবলের সংকট সর্বব্যাপী। সারা দেশে হাসপাতালগুলোতে লোকবলের সংকট রয়েছে। পাশাপাশি যে লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। সুতরাং আমরা সেটিরও এনসিওর করার চেষ্টা করছি। বর্তমানে যে লোকবল আছে তারা যেখানে পোস্টেট সেখানে যেন পাওয়া যায়, সে ব্যাপারে কথা হয়েছে।

তিনি বলেন, রোগীদের কাছ থেকে আমরা অভিযোগ পাই, মাঝে মাঝে তারা সঠিক চিকিৎসা পান না। যাদের থাকার কথা তারা থাকেন না। আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।

স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ একেবারে তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

সেই সাথে তৃণমূলে চিকিৎসা সেবা উন্নীত করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ডা. এম এ মুহিত আরও বলেন, হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা, দালালদের দৌরাত্ম্য এই সমস্যাগুলো এত বড় কেন্দ্রীয় সরকারের পক্ষে ঢাকায় বসে নির্দেশনা দিয়ে পরিবর্তন আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে গত ১৭ বছরে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এ অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে অবস্থা তৈরি করতে হবে। যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত আমরা সরকার ও রাজনৈতিক দল কাজ করে যাবো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন