বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

গেজেট প্রতিবেদন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই নির্দেশনা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক নিজ নিজ দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়। সে সময় নির্বাচন কমিশন জানায়, আসনটির জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।

অন্যদিকে ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬— এই দুই আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে পরিপ্রেক্ষিতেই গতকাল এই দুই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন