বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে আরও এক ধাপ এগোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে এমন আশাই এখন জোরালো। সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব তিন পক্ষই প্রস্তুত। তবে আলোচনার কেন্দ্রে ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট খুলতেই সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে।
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগ থেকেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেন কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে তিনি সোচ্চার থাকবেন। প্রতিমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান কিংবা মাশরাফি মুর্তজার মতো ক্রিকেটারদের দেশে ও মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আগেই জানিয়েছিলেন, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে। একই সঙ্গে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরাতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চাহিদার কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হলো।
আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এমনটাই আশা ক্রিকেটাঙ্গনের।
খুলনা গেজেট/এমএনএস

