মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

সাংবাদিকদের মর্যাদায় ভূষিত করতে সরকারের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যম নানান রকমের একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছে। সে জন্য সাংবাদিকদের সম্মান প্রদানে এই সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এ জন্য এই পেশার মানুষদের সম্মান এবং মর্যাদায় কীভাবে ভূষিত করা যায়- এটা নিয়ে আমাদের সরকার একটা পরিকল্পনা রেখেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪০২ সাংবাদিকের সন্তানকে কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

তথ্যমন্ত্রী বলেন, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তথ্য সরবরাহ করা বাদ দিয়ে অন্যান্য এজেন্ডা নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে অনেকে বিভিন্ন রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর তৎপরতায় ব্যস্ত অথবা এটাকে একটা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসাবে তৈরি করতে চায়। সুতরাং আমরা সেই সেই জায়গায় কীভাবে মনিটর করা যায়, যাতে জনগণ প্রকৃতপক্ষে একটা অবাধ তথ্যসেবা পেতে পারে সেটা নিয়ে কাজ করব।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের কাজগুলো সাংবাদিক সমাজ ছাড়া সম্ভব না। সে কারণে মন্ত্রণালয়ের প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হবেন আপনারা। আমরা চাই আপনাদের পরিবার, সন্তানকে নিয়ে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা মনোযোগের অংশীদার হওয়ার। তিনি বলেন, আপনাদের সম্মান জানানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে অর্থের দিকে থেকে বিবেচনা করবেন না। আপনারা বিবেচনা করবেন সাংবাদিকদের প্রতি আমাদের সম্মান, মর্যাদাকে।

প্রবীণ সাংবাদিক বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের নিয়ে আমাদের আন্তরিকতার কমতি নেই। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তাদের নিয়ে একটা কার্যকর ‍সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। সাংবাদিকদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এটা নিয়েও আমরা আলাপ করেছি। সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি- কোনো একটা হাসপাতাল অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা একটা সমঝোতার মধ্যে আসব। সেখানে যেন সাংবাদিকরা নিয়মিত ও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পেতে পারেন। সেই সময়টুকু আপনারা দিবেন। ভবিষ্যতের সুযোগ, সম্ভাবনা এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের মন্ত্রণালয়ের সাংবাদিক সমাজের জন্য আরও কী কী সুবিধা নিশ্চিত করতে পারে, আমরা সেসব ব্যাপারেও মনোযোগী হয়ে উদ্যোগ নেব।

এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, আমরা এবার বিভিন্ন ক্যাটাগরিতে ৪০২ জন সাংবাদিকের পরিবারকে অনুদানের চেক দিয়েছি। সাংবাদিক ও তাদের পরিবার পরিবারের জন্য আমাদের এসব কাজ চলবে। তা ছাড়া প্রবীণ সাংবাদিকদের চিকিৎসার জন্য সরকারের তথ্যমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই এটাও বাস্তবায়ন করার আশ্বাস তিনি দিয়েছেন। ফলে আশা করা যায় খুব দ্রুত ভালো কিছু হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সদস্য শাহীন হাসনাত প্রমুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন