সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে জারি করা আগের দেওয়া নির্দেশনা বাতিল করা হয়েছে।
ওই চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
আগের নির্দেশনায় বলা হয়েছিল, অনেক শিক্ষক মূল্যায়ন চলাকালে দায়িত্ব পালন না করে আন্দোলনে অংশ নেন, যা পরীক্ষার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, এরইমধ্যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তার বিস্তারিত তথ্য— কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে— অধিদপ্তরকে জানাতে বলা হয়েছিল।
তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ করা চিঠিতে সেই নির্দেশনাই সম্পূর্ণ বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দপ্তরেও অনুলিপি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩ দফা দাবিতে গতবছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায়ও ব্যাহত হয়। অবশ্য পরে সরকারের গণবদলির মুখে তারা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে রুমে ফিরে যান।
খুলনা গেজেট/এমএনএস

