রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

প্রধান নির্বাচক হিসেবে লিপুর মেয়াদ আরো ১ মাস বৃদ্ধি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক পদে আরও এক মাস থেকে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার দুই বছরের চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে লিপুর দীর্ঘমেয়াদি চুক্তিতে অনাগ্রহ এবং স্বল্পমেয়াদি চুক্তির শর্ত মেনে নিয়ে আপাতত তার মেয়াদ এক মাস বাড়িয়েছে বিসিবি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন লিপু। সাধারণত বোর্ড আসন্ন টি-টোয়েন্টি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করে থাকে। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘমেয়াদি এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন তিনি। সম্প্রতি লিপু গত ৫ ফেব্রুয়ারি বোর্ডকে ইমেইল করে নতুন করে দুই বছরের চুক্তিতে যাওয়ার ব্যাপারে নিজের অনাগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

বোর্ডকে দেওয়া ইমেইলে লিপু জানিয়েছিলেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে লম্বা সময়ের জন্য দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করা সম্ভব হলেও এই সময়ের মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে তাঁকে ৬-৭ সপ্তাহ দেশের বাইরে থাকতে হতে পারে। তাই পুরো সময় দলের সঙ্গে উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব নয়। লিপুর সেই শর্ত মেনেই আপাতত এক মাসের জন্য তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি।

উল্লেখ্য, গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের প্রথম একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) দলের অধিনায়ক। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালক এবং ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ খেলা দলের ম্যানেজার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন