শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

শহিদ মিনারে এক ঘণ্টায় আইফোনসহ ১২ মোবাইল চুরি

গেজেট প্রতিবেদন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে লাখো মানুষের ঢল নামলেও সেই আবেগঘন পরিবেশের মধ্যেই ঘটে গেছে চুরির ঘটনা। প্রথম প্রহরের মাত্র এক ঘণ্টার ব্যবধানে আইফোনসহ অন্তত ১০ থেকে ১২টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন। ফুলে ফুলে ছেয়ে যায় বেদি। শোক, শ্রদ্ধা ও গর্বের আবহে হাজার হাজার মানুষ যখন সারিবদ্ধভাবে এগোচ্ছিলেন, ঠিক সেই সময়েই সুযোগ নেয় একাধিক পকেটমার চক্র এমনটাই ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতির কারণে ভিড়ের মধ্যে কে শ্রদ্ধা জানাতে এসেছেন আর কে অসৎ উদ্দেশ্যে এসেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন। তার কাছে মৌখিকভাবে ১০ থেকে ১২ জন ব্যক্তি মোবাইল ফোন হারানোর অভিযোগ জানিয়েছেন। হারানো ফোনগুলোর মধ্যে একাধিক দামী স্মার্টফোন, বিশেষ করে আইফোনও রয়েছে বলে জানা গেছে।

ডিসি মাসুদ আলম আরও জানান, অভিযোগকারীদের সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মোবাইল ফোনের নম্বর পুলিশ সংগ্রহ করেছে। প্রযুক্তির সহায়তায় সেগুলোর অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হারানো ফোন উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকবে, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথম প্রহরে শহিদ মিনার এলাকায় তীব্র ভিড় তৈরি হয়। অনেকে ফুল হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই সুযোগে সংঘবদ্ধ চক্র সক্রিয় হতে পারে বলে ধারণা করছেন তারা। কয়েকজন অভিযোগকারী জানান, ভিড়ের চাপের মধ্যেই তারা মোবাইল ফোন হারানোর বিষয়টি টের পান। কেউ পকেটে, কেউ ব্যাগে রাখা ফোন খুঁজে পাননি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোতে বিপুল জনসমাগমকে কেন্দ্র করে চুরি-ছিনতাই চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই এমন আয়োজনে অংশ নেয়ার সময় সবাইকে ব্যক্তিগত জিনিসপত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বিশেষ করে মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাগ নিরাপদে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন