ভালোবাসা সব সময় ঘোষণা দিয়ে আসে না। কেউ ফুল নিয়ে দাঁড়ায়, কেউ কবিতা লেখে আবার কেউ নীরবে দূর থেকে দেখে যায়, খোঁজ রাখে, অপেক্ষা করে। ভালোবাসা দিবসে আমরা সাধারণত প্রকাশ্য প্রেম নিয়েই বেশি কথা বলি। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, অনেকেই ভয়, লজ্জা, প্রত্যাখ্যানের আশঙ্কা কিংবা বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে নিজের অনুভূতি চেপে রাখেন। তবু অনুভূতি কখনও পুরোপুরি লুকিয়ে থাকে না। আচরণে, চোখে, কথার ভঙ্গিতে তা ধরা পড়ে। এবার জেনে নেয়া যাক, সেই সূক্ষ্ম লক্ষণগুলো—
১️. আপনার সামনে অস্বাভাবিক আচরণ
সবার সঙ্গে স্বাভাবিক, কিন্তু আপনার সামনে একটু গুছিয়ে কথা বলতে পারে না? হালকা তোতলানো, অকারণে চুলে হাত দেয়া, নার্ভাস হাসি এগুলো প্রায়ই চাপা ভালোবাসার লক্ষণ। কারণ, সে চায় আপনাকে ইমপ্রেস করতে, আবার ভয়ও পায়কিছু ভুল বলে ফেলবে না তো।
২️. প্রশংসা
শুধু “আজ ভালো লাগছে” নয় বরং বলে, “তোমার আত্মবিশ্বাসটা দারুণ”, “তুমি যেভাবে কথা বোঝাও, সেটা অসাধারণ।”
যে মানুষ আপনার ভেতরের গুণগুলো লক্ষ্য করে, সে আপনাকে গভীরভাবে দেখছে।
৩️. হালকা ঈর্ষা
আপনি অন্য কারও সঙ্গে বেশি সময় কাটালে সে চুপ হয়ে যায়? মজা করে জিজ্ঞেস করে, “ওর সঙ্গে এত কথা?”
স্বাস্থ্যকর সীমার ভেতরের ঈর্ষা প্রায়ই লুকানো অনুভূতির ইঙ্গিত দেয়।
৪️. আপনাকে জানার প্রবল আগ্রহ
আপনার দিনের ছোট ঘটনা, পছন্দের গান, অপছন্দের খাবার সব জানতে চায়। এটা শুধু কৌতূহল নয়, সংযোগ তৈরি করার চেষ্টা।
৫️. ছোট তথ্যও মনে রাখে
আপনি একবার বলেছিলেন আপনার প্রিয় কফির ধরন কয়েকদিন পর সে সেটাই অর্ডার করে দেয়। এটা কাকতালীয় নয়। এটা মনোযোগ। সে আপনাকে যে ভালোবাসে তার একটা ছোট ইঙ্গিত।
৬️. কাছাকাছি থাকার অজুহাত
একই টেবিলে বসা, একই দলে কাজ করা, হঠাৎই “এইদিকে যাচ্ছি” এসব অজুহাত আসলে সময় কাটানোর উপায়।
সে সরাসরি আপনার সঙ্গে সময় কাটানোর কথা বলে না, কিন্তু পাশে থাকতে চায়।
৭️. মন দিয়ে শোনা
আপনি কথা বললে সে ফোনে তাকায় না। মাঝেমধ্যে মাথা নাড়ে, প্রশ্ন করে, আপনার কথার প্রতিক্রিয়া দেয়। মনোবিজ্ঞানীরা বলছেন, সক্রিয়ভাবে শোনা মানে আবেগী সংযোগের চেষ্টা।
৮. দীর্ঘ চোখাচোখি
চোখের যোগাযোগ কয়েক সেকেন্ড বেশি স্থায়ী হলে, সেখানে প্রায়ই লুকিয়ে থাকে অপ্রকাশিত কথা। চোখ অনেক সময় সেই কথাগুলো বলে, যা মুখ বলতে পারে না।
৯. আপনাকে দেখলে হাসি লুকাতে পারে না
আপনার উপস্থিতিতে তার মুখে আলাদা উজ্জ্বলতা আসে। আপনি হাসলে সে আরও হাসে। কারণ, সে আপনাকে ভালোবাসে আর আপনার হাসিমুখ তার কাছে গুরুত্বপূর্ণ।
ভালোবাসা সব সময় উচ্চস্বরে বলা হয় না। কখনও তা প্রকাশ পায় চোখে, আচরণে, খুঁটিনাটিতে। যদি এসব লক্ষণ আপনার আশেপাশে কারও মধ্যে দেখতে পান, তাহলে হয়তো সময় এসেছে একটু খোলামেলা কথার। হয়তো এই ভ্যালেন্টাইন’স ডে-তেই শুরু হতে পারে নতুন এক গল্প।
সূত্র: সেভেন্টিন ম্যাগাজিন
খুলনা গেজেট/এনএম

