শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাংলাদেশ ও পাকিস্তান ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত হাইব্রিড মডেল সুবিধা চায়

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ খেলা নিয়ে পাকিস্তান যখন পিছু হটার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই আইসিসির সামনে আরও বড় এবং নতুন এক দাবি উত্থাপন করেছে পাকিস্তান ও বাংলাদেশ। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার বিনিময়ে দেশ দুটি এখন ‘হাইব্রিড মডেল’-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি তুলেছে।

বর্তমানে আইসিসিরসঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, হাইব্রিড মডেল ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা। এই মডেলে ভারত যেমন এই বিশ্বকাপে পাকিস্তানে গিয়ে খেলছে না, তেমনি পাকিস্তানকেও ভারতের মাটিতে গিয়ে খেলতে হচ্ছে না (তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে)।

কিন্তু এনডিটিভির সূত্র অনুযায়ী, পিসিবি ও বিসিবি এখন চায় এই ব্যবস্থার মেয়াদ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হোক।
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশে যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। হাইব্রিড মডেলের মেয়াদ বাড়লে পাকিস্তান ও বাংলাদেশ সুযোগ পাবে তাদের সব ম্যাচ কেবল বাংলাদেশের মাটিতে খেলার, অর্থাৎ তাদের আর ভারতে গিয়ে খেলতে হবে না। বিশ্লেষকদের মতে, এটি ভারতের আয়োজক হিসেবে একক গুরুত্ব কমানোর একটি কৌশল হতে পারে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত সেখানে যেতে অস্বীকৃতি জানায়। দীর্ঘ আলোচনার পর আইসিসি হাইব্রিড মডেল মেনে নেয়, যার অধীনে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সব ম্যাচ (এমনকি ফাইনাল হলেও) শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করা হয়েছে।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবি প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে চার ঘণ্টা ধরে চলা বৈঠকে এই দাবিগুলো নিয়ে আলোচনা হয়।

কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে ম্যাচ বয়কটের জট খুলতে পাকিস্তান আগেই তিনটি শর্ত দিয়েছিল: ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি প্রদান। ৩. ভবিষ্যতে বড় কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের একক স্বত্ব পাকিস্তানকে দেওয়া। এর সঙ্গে যুক্ত হয় ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব এবং হাইব্রিড মডেলের এক্সটেনশন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন