বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি কেউ যেন জনগণের ভোটের অধিকারকে ছিনতাই করতে না পারে, ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি-ডামির নির্বাচন করে বাক্সে বন্দী করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে। ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পরে।’
তিনি বলেন, ‘আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না, যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই, যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন।’ একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু তা-ই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা-বোনদের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য।’
কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা নব্বইয়ের আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কীভাবে নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।’
খুলনা গেজেট/এএজে

