আইপিএলে চড়া দামে দল পেলেও ভারতের উগ্রপন্থিদের চাপে সামনের মৌসুমে খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বাড়তি সম্মান পেলেন বাংলাদেশি এই পেসার। নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। মুস্তাফিজকে দলে পেয়ে তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় আবারও বাংলাদেশি এই পেসারকে নিয়ে আপ্লুত হয়েছেন লাহোরের মালিক।
লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিও বার্তায় সামিন বলেন, ‘বিশ্ব ক্রিকেটের জন্য মোস্তাফিজ অনেক বড় নাম। তাকে দলে পাওয়া কালান্দার্সের জন্য সম্মানের ব্যাপার। ’
আগেও লাহোরে খেলেছেন মুস্তাফিজ। এবার দলটিতে ভিড়েছেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। ফিজের সঙ্গে আগের সম্পর্ক স্মরণ করে লাহোর মালিক বলেন, ‘পাকিস্তান সুপার লিগের জন্য এটা অনেক বড় একটা নাম। বিশ্ব ক্রিকেটের জন্যও। তাকে পাওয়া যেকোনো দলের জন্য সম্মানের ব্যাপার। তার সঙ্গে আমাদের অনেক পুরোনো সম্পর্ক।’
মোস্তাফিজের দলে যোগ দেয়াকে ‘পরিবারে ফেরা’ বলেও মনে করেন সামিন রানা। তার ভাষ্য, ‘দশ বছর আগে পাকিস্তান সুপার লিগ যখন শুরু হয়েছিল, তখন গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স প্রথমে মুস্তাফিজুর রহমানকেই নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এনওসির কিছু সমস্যার কারণে সে তখন আসতে পারেনি। যদিও দুই বছর পর সে ঠিকই এসেছিল। আমরা তখন তার পারফরম্যান্স উপভোগ করেছি। লাহোরের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে মোস্তাফিজের মতো খেলোয়াড় আমাদের হয়ে খেলবে।’
লাহোর দলের অধিনায়ক পাকিস্তান দলের তারকা পেসার শাহিন আফ্রিদি। মুস্তাফিজের সঙ্গে শাহিনের বোলিং জুটি দেখার জন্য মুখিয়ে আছেন লাহোর মালিক, ‘আমি শাহিন এবং ফিজের জুটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি। মিডল এবং ডেথ ওভারে তার পারফরম্যান্স অসাধারণ।’
পিএসএলে গতবার খেলেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তাদের নিয়ে লাহোর মালিকের ভাষ্য, ‘বাংলাদেশি ক্রিকেটাররা অসাধারণ। তার চেয়ে বড় ব্যাপার, তারা মানুষ হিসেবে দারুণ। তাদের যতজনের সঙ্গে আমি কাজ করেছি, সেটা মেহেদী হাসান মিরাজ হোক কিংবা সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেন; দারুণ আনন্দের ছিল। তাদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ। আর তারা প্রাণ উজাড় করে খেলে। বাংলাদেশ থেকে যেসব খেলোয়াড় আসে তারা দলকে নিজেদের ব্র্যান্ড ভেবে নিয়েই খেলে।’
পরে মুস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সামিন বলেন, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি। আমি রিশাদের জন্য বলেছি, তোমার জন্যও একই কথা বলছি। তোমার অপেক্ষায় আছি।’
খুলনা গেজেট/এম এন এস

