জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রক্টরসহ সাতজন শিক্ষক এবং শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এ ঘটনা ঘটে।
শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি।
আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী , দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব, মাজহার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটবল খেলা শেষ হয়েছিল। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের ওপরও হামলা চালানো হয়, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক ও শিক্ষার্থীসহ মোট ৩০ জনের বেশি আহত হয়েছেন।
অন্য একটি সূত্রে জানা যায়, হামলার নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন রয়েছে। তারা পূর্বের ক্ষোভ থাকায় কাউকে কাউকে বেধরক পিটিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা।
খুলনা গেজেট/এএজে



