রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুড়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতরা হলেন- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, নিহত দম্পতি বিহারি ক্যাম্পের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। স্বামী রিকশা চালাতেন এবং স্ত্রী বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এ পরিবার বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল। প্রতিদিন কেউ না কেউ ঋণের কিস্তির জন্য বাসায় আসতো। হয়তো কোনো উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে।
পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ম্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে



