মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক দম্পত্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর ও মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঝিকরগাছা—মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রনজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। নিহত রনজিত মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে। তিনি বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া পেশায় জনস্বাস্থ্য কর্মী।

স্থানীয়রা জানায়, রনজিত কুমার দাস স্ত্রী পাপিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য উভয়ের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন