যশোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে ট্রাকের ধাক্কায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-কেশবপুর মহাসড়কের মধ্যকুল মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাবরিল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তিনি স্ত্রী সম্পা বিশ্বাসকে নিয়ে কেশবপুরের মধ্যকুল মান্দারতলায় ইয়াকুব ডাক্তারের চেম্বারে যান। সেখানে স্ত্রীকে রেখে রাস্তার পাশে প্রস্রাব করার সময় যশোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইয়াকুব ডাক্তারের মাছের ঘেরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কেশবপুর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত গাবরিল বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন