এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান!

ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়া কাপ হকি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজগির ও বিহারে হবে ম্যাচগুলো। ভারতের মাটিতে খেলা হওয়ায় এই আসর থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের।

এশিয়া কপের এই আসর আগামী ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ারও। তাই এই আসরে না খেললে তা পাকিস্তানের জন্য বড় ধাক্কা। তবে শুধু এশিয়া কাপ নয়, আগামী জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণও এখন অনিশ্চিত।

‘দ্য হিন্দুর’ এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচএফ এশিয়ান হকি ফেডারেশনকে টুর্নামেন্টটি নিরপেক্ষ কোনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে আয়োজকরা পাকিস্তানকে না পেয়ে টুর্নামেন্টে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।

হকি ইন্ডিয়ার একজন কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, ‘পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এরপর আমরা বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

পিএইচএফ এখনো এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে তারা আগেই জানিয়েছিল, দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন