মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

আ.লীগের মিছিলে গিয়ে গ্রেপ্তার, কেসিসির নিম্নমান সহকারী রবিউল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত রবিউল আলম ডুমুরিয়ার খর্ণিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি কেসিসির যানবাহন শাখার লাইসেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগষ্টের পর তাকে কর আদায় শাখায় বদলি করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, কেসিসির কর্মকর্তা ও কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) অনুসারে কোন কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোন কার্যকলাপে জড়িত থাকতে পারবে না।

এমতাবস্থায়, কেসিসির চাকুরী বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) ও ৩৮ (ছ) বিধি লংঘন করায় ৪৪(৪) বিধি অনুসারে অভিযুক্ত রবিউল আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেন রবি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

খুলনা গেজট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন