রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ডাকাতদলের সঙ্গে র‍্যাবের গোলাগুলিতে নিহত ১

গেজেট ডেস্ক

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীকে উদ্ধারে গিয়ে ডাকাতদলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে র‌্যাবের। এ সময় স্থানীয় নিরীহ এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বায়তুল্লাহ খুলু। তিনি ভারুয়াখালীর ছৈয়দুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক। তিনি জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব। এ সময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে এলাকাবাসীসহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বায়তুল্লাহ খুলু নামে এক কৃষক গুলিবিদ্ধ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা জামিলুল বলেন, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মিদশা থেকে মুমূর্ষু অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন