মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত পিস্তল ও বোমাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। সোমবার রাতে র‌্যাব-৬ যশোরের একটি দল চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

কুদরত খান শহরের চাঁচড়া রেলগেট এলাকার ফারুক পকেটমারের ছেলে ও তার সহযোগি সম্রাট হোসেন রায়পাড়ার আব্দুল আলীমের ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামী কুদরত খান যশোরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে ২০১২ সালের ৪ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা রুজু হয়। তারপর থেকেই যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা হামলাসহ নানা অপরাধ ঘটায়। পরে অস্ত্র কারবারি হিসেবে পরিচিতি পায় সে।

যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। কুদরতের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, হত্যা চেষ্টা ও চাঁদাবাজির পাঁচটি মামলাসহ মোট ১৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার সহযোগি সম্রাট হোসেনের বিরুদ্ধেও দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। র‌্যাব আরও জানায় কুদরতের অন্য সহযোগিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন