বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাদকদ্রব্য হেরোইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান। পলাতক আসামি রাব্বি মিয়া ওরফে হালকা রাব্বি যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর জাহাঙ্গীর আলমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ মে সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি টিম শহরের মনিহার মোড় এলাকায় ডিউটি করছিলো। এ সময় এক যুবক সেখানে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। পুলিশ সেসময় তাকে দাড়াতে বললেই পালানোর চেষ্টা করে রাব্বি। পরে মনিহার হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫শ’গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই দেবাশীষ রায়।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৭ জুলাই এসআই এইচ এম মাহমুদ, রাব্বিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার এ মামলার রায়ে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি রাব্বি পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন