শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

আ. লীগ ও বিএনপিকে যেখানে সমাবেশের অনুরোধ ডিএমপির

গেজেট ডেস্ক 

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে এবং বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে হাইকোর্টের একটি অবজারভেশন রয়েছে। তাই ওয়ার্কিং ডেতে এখানে সম্ভব নয়। আমরা তাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দিচ্ছি।

তবে মহাসমাবেশের স্থান চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। আজ রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি না মেলায় বিকল্প ভেন্যু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে অনুমতি দেয় ডিএমপি।

২৭ জুলাই বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অতীতে যখনই বিএনপি সমাবেশ করেছে তখন সাধারণ মানুষের সহায়-সম্পত্তি, পুলিশ, পথচারীর ওপর হামলা পরিচালনা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।

তিনি বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। সে দায়িত্ববোধ থেকেই ২৭ জুলাই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সম্মিলিতভাবে সমাবেশের ডাক দিয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন