৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

গেজেট ডেস্ক 

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। এই উত্তীর্ণদের লিখিত পরীক্ষা হবে আগামী অক্টোবরে। মঙ্গলবার (৬ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ক্লিক করে দেখুন- বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল

এতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট গত ১৯ মে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

প্রিলিমিনারির পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করল পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার পর ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিলো পিএসসি। এর আগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে।

১৯ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন