শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটলের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটলের অভিযোগ পাওয়া গেছে। অল্পদিনের মধ্যে পুরো রাস্তার এক পাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মানুষের রাস্তা চলাচলের দূর্ভোগ লাঘব করার জন্য সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ উন্নয়ন তহবিল থেকে ২লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেয়া হয় ওই এলাকার সুমন সরকারকে। কিন্তু কাজের মান ভাল না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ফাটল ধরেছে।

২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকী ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কি কারণে কাজ বন্ধ আছে সেটা জানা যায় নি। ইতিমধ্যে রাস্তাটির এক পাশে ফাটল ধরেছে । এলাকাবাসীর দাবি এখনও কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্পদিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার এক পাশ পুকুরে ভেঙে পড়বে।

এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার বলেন , ধান বোঝায় দেওয়া গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটিতে ফাটল ধরেছে।

তবে এলকাবাসীর দাবি রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচলসহ মালামাল আনা নেওয়ার জন্য। তাদের দাবি স্টিমেট অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ফাটল শুরু করেছে।

রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন , বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন বিল দেয়া হবে না।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন