বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

গেজেট ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, এত মানুষ হয়েছে, যে গুলিস্তান পার হয়ে গেছে। এ অবস্থায় তিনি নিজে গুলিস্তান থেকে মোটরসাইকেলে করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এসেছেন বলেও তার বক্তব্যে বলেন।

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে এ শোভাযাত্রায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও তাদের শাখা সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শোভাযাত্রায় দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। বাজানো হচ্ছে নানান বাদ্য। নেতা-কর্মীরা নেচে-গেয়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছেন। শোভাযাত্রায় বড় বড় জাতীয় পতাকা নিয়েও অংশ নিয়েছেন নেতা-কর্মীরা। এ ছাড়া নেতা-কর্মীদের হাতে হাতেও রয়েছে জাতীয় পতাকা।

নেতা-কর্মীরা মাথায়, হাতে জাতীয় পতাকার আদলের ফিতা, ব্র্যান্ড বেঁধেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেছেন। নিরাপত্তা নিশ্চিতে শোভাযাত্রার আগে-পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছেন।
এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়েছে। শাহবাগ, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব এলাকায় দীর্ঘ সময় যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

খুলনা গেজেট/ বিএমএস

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন