মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাকচী (৩৮) নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেনে আমলী আদালত। সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার অপর আসামিকে খালাস দেয়া হয়েছে।

সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামি অজিত বাকচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আসামিরা।

বিগত ২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দিলে ধারালো ছুরি দিয়ে অজিত বাকচী তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ছেলে অপু বিশ্বাসকেও আহত করে।

এ ঘটনায় পরের দিন নিহতের স্বামী অরবিন্দু বিশ্বাস ৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে।
পরে দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন