রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

সীতাকুণ্ডে হতাহত-ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকা বরাদ্দ

গে‌জেট ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রোববারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে নগদ এক কোটি টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।’

সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে আগুন ধরে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনে দগ্ধ ও আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের প্রায় সবাইকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে ভর্তি করা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ওই আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলাকেই প্রাথমিকভাবে দায়ী করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন