শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

‘জোবায়দা রহমানের দুর্নীতির মামলা চলবে’

গে‌জেট ডেস্ক

তারেক জিয়ার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ আপিল বিভাগের।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনও সম্পদের তথ্য গোপনের মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই। আত্মসমর্পণ করতে হবে বিচারিক আদালতে।

বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। ফলে তার বিরুদ্ধে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ৭ এপ্রিল শুনানি শেষে আদেশের জন্য ১৩ এপ্রিল (বুধবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন জোবায়দা রহমান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন