শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামের কাভার্ড ভ্যান চাপায় নয় মাসের ছেলেসহ বাবা নিহত

গে‌জেট ডেস্ক

ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও আরেক ছেলে।

ইপিজেডের বন্দরটিলা এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পতেঙ্গা স্টিলমিল এলাকার আবু সালেহ ও তার নয় মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল সুমিত।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবু সালেহ ঈদের কেনাকাটা করতে স্ত্রী মনিরা আক্তার, পাঁচ বছর বয়সী ছেলে আবদুলাহ আল মাহিন ও শিশু সন্তান আবদুল্লাহ আল সুমিতকে নিয়ে বে শপিং সেন্টারে যাচ্ছিলেন। বন্দরটিলায় কাভার্ড ভ্যান তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সালেহ ও সুমিতের মৃত্যু হয়।

‘গুরুতর আহত মনিরা ও মাহিনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন