শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

গতবারের মতো এবারের নির্বাচন সহজভাবে নিলে চলবে না : ওবায়দুল কাদের

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। এবারের নির্বাচন হবে কঠিন লড়াই। এ নির্বাচন সহজভাবে নিলে চলবে না। প্রতিপক্ষ দুর্বল না। তবে, আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারও নেই।’

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ সোমবার সকালে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপিনেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আওয়ামীলীগ প্রতিপক্ষের সব ধরনের শক্তি মোকাবিলা করবে।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন