শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

সিলেটে ভোট চলাকালে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

গেজেট ডেস্ক

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউপিতে ভোট চলাকালে জদু মিয়া (৫২) নামে এক সদস্য প্রার্থী মারা গেছেন। সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

ওসমানীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদস্য প্রার্থী জদু মিয়া কিছু দিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোটের দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ হয়ে ৫ দিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। সকালে আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে যেতে বলেন তিনি। আমরা ভোটকেন্দ্রে থাকাবস্থায় মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসি।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য জানান, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন